প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2026 ইং
নবাবগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সুমাইয়া আক্তার, নিজস্ব প্রতিবেদক | ঢাকার নবাবগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)। রোববার (২৩ আগস্ট) ভোররাত ৩টা ১৫ মিনিটে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আইয়ুব আলীর চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর এসআই (নিঃ) মো. আপেল মাহমুদের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় থাকা তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবাবগঞ্জ থানার কাঁঠালিঘাটা এলাকার মো. রাজিব হোসেন (৩৪), মহব্বতপুর গ্রামের মো. শেখ আলম (৪০) এবং আল হাদিপুর গ্রামের আকাশ সিকদার মান্নান (৪১)।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার করা ৬০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের পেশাদার মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদক কারবারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান